প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2025 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গুলিসহ ডিবির দুই কনস্টেবল গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭ রাউন্ড অবৈধ শটগানের গুলিসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কনস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২৯) ও মো. সোহরাব হোসেন (৩০)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের বাসা থেকে অবৈধভাবে রাখা শটগানের ৬৭ রাউন্ড গুলি, ২৭টি ভারতীয় শাড়ী ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, এরপর ডিবি পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার