
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে দলীয় শিল্প প্রদর্শনী ‘আনটোল্ড স্টোরি’। বিশিষ্ট শিল্পী ফারিহা জেবার কিউরেশনে এই প্রদর্শনীতে উঠে এসেছে সমকালীন শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল, সংগৃহীত উপকরণ ও পরীক্ষামূলক বই (Artist's Book)।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেদেরিক ইনজা এবং শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসির ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ।
প্রদর্শনীটির মূল উপজীব্য হলো মানুষের একান্ত ও অনুচ্চারিত অভিজ্ঞতা। শিল্পীরা তাঁদের স্মৃতি, পরিচয়, ঐতিহ্য, অনুভূতি, আকাঙ্ক্ষা ও জীবন-অভিজ্ঞতাকে দৃশ্যমান ও বস্তুগত শিল্পভাষায় রূপ দিয়েছেন। বিশেষ করে 'শিল্পীর বই'-কে এখানে শুধু সাধারণ পঠনসামগ্রী হিসেবে না দেখে একটি অন্তরঙ্গ শিল্প-পরিসর হিসেবে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে ব্যক্তিগত ও সাংস্কৃতিক ইতিহাসের পুনর্ব্যক্তকরণ সম্ভব হয়েছে।
এই প্রদর্শনীতে মূল দলীয় শিল্পী হিসেবে অংশ নিচ্ছেন—এষা আহমেদ, ফৌজিয়া মাহিন চৌধুরী, কাজমিন সামিয়া, সুলেখা চৌধুরী, সুমনা আক্তার ও সুরভী আক্তার। তাঁরা দীর্ঘ এক বছর ধরে ‘শিল্পীর বই’ মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে তাঁদের নিজস্ব শিল্পকর্মে অংশগ্রহণ করছেন আলিয়া কামাল, অর্পিতা সিংহ, মাহমুদা সিদ্দিকা, রাফিয়া মাহজাবীন, ঋতুপর্ণা সাহা ও ভেনিসা কায়সার। প্রদর্শনীটি দর্শকদের ব্যক্তিগত ও সম্মিলিত অনুভূতির এক অদ্ভুত মেলবন্ধনের মুখোমুখি দাঁড় করাবে।