
পুলিশি হয়রানি ও চাঁদা আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রায় আড়াই ঘণ্টা ধরে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন কয়েকশ অটোরিকশাচালক। এতে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা ও প্রেসক্লাবসংলগ্ন প্রধান সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকালে চালকরা ‘পুলিশি হয়রানি বন্ধ করো’ এবং ‘যেখানে রাস্তা, সেখানে অটোরিকশা চলবে’ বলে বিভিন্ন স্লোগান দেন। একাধিক চালক অভিযোগ করেন, প্রধান বা ফিডার রোডে নামলেই পুলিশ অটোরিকশা আটকে ১ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ও অতিরিক্ত টাকা আদায় করছে, যা তাদের জীবনযাত্রায় চরম দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে।
আন্দোলনস্থলে অন্যান্য সড়কে চালিত অটোরিকশা এলে আন্দোলনকারীরা ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে অবরোধে অংশ নেওয়ার তাগিদ দেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চালকরা একটি প্রতিবাদ মিছিল শেষে রাজপথ ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।