মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা এবার ওকলি’র সঙ্গে মিলে তাদের স্মার্ট চশমার নতুন ও উন্নত সংস্করণ চালু করেছে। ‘ওকলি মেটা এইচএসটিএন’ নামের এই নতুন চশমার দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার। আগামী বছর ৩৯৯ ডলারে এর আরও কিছু সংস্করণ বাজারে আসবে।
রে-ব্যানের সঙ্গে মেটার আগের স্মার্ট চশমাগুলোর মতোই এই এইচএসটিএন চশমাগুলো দেখতে সাধারণ হলেও এতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার রয়েছে। এগুলো ফোনের সঙ্গে যুক্ত করে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, কল করা ও গান শোনার মতো কাজ করা যায়।
সম্প্রতি মেটা এই স্মার্ট চশমাকে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহারে উৎসাহ দিচ্ছে গ্রাহকদের। ব্যবহারকারীরা এআই অ্যাসিস্টেন্টের সঙ্গে কথা বলতে পারবেন এবং কোনো কিছুর দিকে তাকিয়ে সেটি সম্পর্কে তথ্য জানতে চাইলে চশমাটি সেই তথ্য বলে দেবে। নতুন সংস্করণের এসব চশমায় পূর্ববর্তী মডেলের চেয়ে উন্নত ব্যাটারি লাইফ, উন্নত পানি প্রতিরোধ সক্ষমতা এবং ১০৮০পি রে-ব্যান চশমার চেয়ে উন্নত থ্রিকে ক্যামেরা যুক্ত করা হয়েছে।
ক্রীড়াবিদদের জন্য বিশেষ গুরুত্ব
ফেইসবুকের মূল কোম্পানিটি নতুন এই ওকলি মডেলটির মাধ্যমে ক্রীড়াবিদদের, বিশেষ করে দৌড়বিদ ও সাইক্লিস্টদের আকৃষ্ট করার দিকে গুরুত্ব দিচ্ছে। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার থ্রেডস প্লাটফর্মে বলেছেন, এসব নতুন চশমা 'অ্যাকশনের জন্য তৈরি'। কোম্পানিটি বিশ্বাস করে, তাদের এই এআই ফিচার ক্রীড়াবিদদের কাজে আসবে। যেমন, গলফ খেলার সময় কেউ এআইকে বাতাসের গতি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন এবং চশমার সিস্টেমটি তাৎক্ষণিকভাবে সেই তথ্য ব্যবহারকারীকে জানিয়ে দেবে।
প্রথম সংস্করণের এসব চশমা সীমিত সংখ্যায় বিভিন্ন রঙের ফ্রেম ও লেন্সের অপশনসহ বাজারে আনা হবে। রে-ব্যান এবং ওকলি উভয়ের মূল কোম্পানি ফ্রান্সের চশমা কোম্পানি লাক্সেটিকা’র সঙ্গে মেটার দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব রয়েছে। ওকলি আশা করছে, ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি বছর মেটা এক কোটি স্মার্ট চশমা তৈরি করবে। মেটার আশা, এসব সানগ্লাস ভবিষ্যতে তাদের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের সঙ্গে মিলিয়ে এমন পরিধেয় চশমা তৈরি করা যাবে, যা ব্যবহারকারীদের মেটাভার্সে প্রবেশের জন্য ডিসপ্লে’সহ ব্যবহার করা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Deleted