ঋণখেলাপি প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস লিমিটেডের অনুকূলে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির মঞ্জুর করা চলতি মূলধন ঋণসীমা নবায়নের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে অব্যাহতি দিয়ে সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না।
ঋণ নবায়নের প্রধান শর্তাবলি ও নির্দেশনা:
সরকারি আর্থিক সহায়তা নিষেধ: এই ঋণসুবিধার বিপরীতে অর্থ বিভাগের কোনো দায় সৃষ্টি হবে না এবং ভবিষ্যতে সোনালী ব্যাংক পিএলসি সরকারের কাছে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
আয় জমা ও পাওনা পরিশোধ: শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সমস্ত আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে এবং ওই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে।
প্রজ্ঞাপনের অনুলিপি: দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
দৈনিক দুর্বার