লক্ষ্মীপুর করেসপনডেন্ট:
লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে মালামালসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার স্লুইস গেট আলী আহম্মদ মিয়ার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাবপত্রের দোকান, কারখানা, কাপড়ের দোকান, মুদি দোকান, ওষুধের দোকান, চা দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমরা সর্বহারা হয়ে গেছি। আমাদের আর কিছুই রইল না। আমাদের একমাত্র আয়ের উৎস দোকাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এ সময়, দোকানগুলোর কিছুই অবশিষ্ট নেই বলেও জানান তারা।
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রামগতি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।