বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের দাম ২ মিলিয়ন (২০ লাখ) ডলার! আকাশচুম্বী এই দাম নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে, তখন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক কৌতুকপূর্ণ মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, কেউ যদি সত্যিই ২ মিলিয়ন ডলারে ফাইনালের টিকিট কেনেন, তবে তিনি "ব্যক্তিগতভাবে সেই দর্শকের জন্য একটি হটডগ এবং একটি কোক" নিয়ে হাজির হবেন। খবর বিবিসির। আসন্ন এই টুর্নামেন্টের টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ইনফান্তিনো রসিকতা করে বলেন, কেউ এত দাম দিয়ে টিকিট কিনলে তার অভিজ্ঞতা দারুণ করতে, তিনি নিজেই টিকিটটি ডেলিভারি দেবেন।
এদিকে ফিফার অফিসিয়াল রিসেল (পুনঃবিক্রয়) প্ল্যাটফর্মে অনেক টিকিট পাঁচ অঙ্কের ডলারে তালিকাভুক্ত হয়েছে। এমনকি নিউ জার্সিতে হতে যাওয়া ফাইনালের গোলপোস্টের পেছনের চারটি টিকিট প্রতিটির দাম ধরা হয়েছিল প্রায় ২.৩ মিলিয়ন ডলার।
এই প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, রিসেল মার্কেটে কেউ ২ মিলিয়ন ডলারে টিকিট তালিকাভুক্ত করার মানে এই নয় যে টিকিটের প্রকৃত দাম অত, কিংবা কেউ তা কিনবে। তিনি টিকিটের দামের পক্ষে সাফাই গেয়ে বলেন, যুক্তরাষ্ট্রে অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায় এই দাম সামঞ্জস্যপূর্ণ।