ফিফা বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসে রয়েছেন সাবেক জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসা। 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই টুর্নামেন্টের ৪টি আসরে অংশ নিয়ে রেকর্ড ১৬টি গোল করেছেন তিনি। দুই বিশ্বকাপে ১০টি গোল করে তারই সতীর্থ থমাস মুলারও একসময় ছুটছিলেন এক্সপ্রেস ট্রেনের মতো গতিতে। তবে দুই অঙ্কে পৌঁছেই থেমেছিলেন মুলার। সেই রেকর্ডে এবার ভাগ বসাতে পারেন মেসি ও এমবাপ্পে।
ক্লোসার রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর মাত্র ৩টি গোল। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলের সবুজ ক্যানভাসে মেসি এঁকেছেন অজস্র রূপকথা। জিতেছেন সম্ভাব্য সবকিছুই। ১৩ গোল নিয়ে ক্লোসার কাঁধেই শ্বাস ফেলছে লিও।
অনুমিতভাবেই মেসির ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ এটি। তবে মাত্র ২টি বিশ্বকাপে খেলা ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে এরই মধ্যে করে ফেলেছেন ১২ গোল। ক্লোসার রেকর্ড ভাঙার দৌড়ে রয়েছেন তিনিও।
উল্লেখ্য, এবার রেকর্ড ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। বেড়েছে ম্যাচও। বড়দলগুলো 'আপসেট' গিলে আসরের প্রথম দিকেই বাদ পড়ার শঙ্কাও যেন কমেছে অনেকটাই। যেহেতু খেলার সময় ও ক্ষণ বেশি, তাই গোলও হবে বেশি। এবারই ভেঙে যেতে পারে ক্লোসার রেকর্ড যা তিনি ২০১৪ সালে করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে টপকে।
চুনারুঘাট প্রতিনিধি