সিলেট বিভাগীয় পরিবেশ বিতর্কে চ্যাম্পিয়ন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘HAU দুর্নিবার’
-
নিউজ প্রকাশের তারিখ :
Jul 11, 2026 ইং
ছবির ক্যাপশন: চ্যাম্পিয়ন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, সিলেটের আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ১ম সিলেট বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন দল হিসেবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল HAU দুর্নিবার-এর সদস্যদের হাতে চ্যাম্পিয়ন সার্টিফিকেট ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পরিবেশ সম্মেলন ২০২৬-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দল HAU দুর্নিবার-এর সদস্য তাসিন হোসেন নাবিল, মোঃ আশরাফুল ইসলাম শিমুল, প্রান্তিক সরকার এবং জুবায়ের আহমেদের অসাধারণ যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার মাধ্যমে বিভাগীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন।
দলের সদস্য প্রান্তিক সরকার সেখানে সেরা বিতার্কিক হিসাবে নির্বাচিত হয়!
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে দলটি সিলেট আর্মি আইবিএকে পরাজিত করে। এরপর সেমিফাইনালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST)-কে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়নের শিরোপা নিশ্চিত করে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
এই সাফল্যের ফলে দলটি জাতীয় পর্যায়ের পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে, যেখানে দেশের আটটি বিভাগের সেরা দল অংশ নেয়। জাতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (BAU) পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। তবে সেমিফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে তাদের যাত্রা শেষ হয়।
যদিও জাতীয় পর্যায়ে ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি, তবুও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রতিযোগিতাজুড়ে দলের আত্মবিশ্বাস, পরিশ্রম, দলগত সমন্বয় এবং যুক্তিভিত্তিক উপস্থাপনা প্রশংসিত হয়েছে।
আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ঘোষিত এবারের প্রতিপাদ্য ছিল "Climate Action", যার বাংলা ভাবানুবাদ "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা"। অনুষ্ঠানে প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং ড. মোঃ জিল্লুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মশিউর রহমান। তাঁর হাত থেকে চ্যাম্পিয়ন সার্টিফিকেট ও প্রাইজ মানি গ্রহণ করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের সদস্যরা।
দলের সদস্যরা জানান, সেমিস্টার ফাইনাল পরীক্ষা, ক্লাস টেস্ট ও অন্যান্য একাডেমিক ব্যস্ততার মধ্যেও দীর্ঘ প্রস্তুতি, নিয়মিত অনুশীলন এবং পারস্পরিক সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তাঁদের মতে, এই অর্জন শুধু একটি ট্রফি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের সম্মান, কঠোর পরিশ্রম, দলগত ঐক্য এবং পরিবেশ বিষয়ে সচেতনতার প্রতীক।
বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরব বয়ে আনবে।
নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার
কমেন্ট বক্স