ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার বিচার দাবিতে আদালত বর্জন ও মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বাগেরহাট জেলা জজ আদালতের মেধাবী আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত আসামিদের বিচারের দাবিতে আদালত বর্জন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের সামনে আয়োজিত এই মানববন্ধনে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনজীবী নিজাম উদ্দিন শান্ত একজন মেধাবী ও পেশাদার আইনজীবী ছিলেন। পেশাগত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়, যা গোটা আইনজীবী সমাজের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারিও দেন আইনজীবীরা।

এদিকে শান্তর হত্যাকারীরা গ্রেফতার হওয়ার পর আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী কোনো ধরনের আইনি সহায়তা প্রদান করবেন না বলে বাগেরহাট আইনজীবী সমিতির সদস্যরা আহ্বান জানান।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আইনজীবী নিজাম উদ্দিন শান্ত। এই ঘটনায় গত শনিবার রাতে নিহতের স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rayhan

কমেন্ট বক্স