শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, প্রাতিষ্ঠানিক পরিবেশ উন্নয়ন এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোনসহ সকল প্রকার ব্যক্তিগত ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মেক্সিকো।
আগামী ৩ নভেম্বর থেকে দেশজুড়ে সরকারি ও বেসরকারি উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন নীতি হিসেবে এই নিয়ম কার্যকর হবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানান, দেশটির ৩২টি অঙ্গরাজ্যের শিক্ষা কর্তৃপক্ষের যৌথ সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ক্লাসরুম ছাড়াও বিরতির সময়ও ফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ফোন সাথে রাখতে পারবে, সেক্ষেত্রে ক্লাসের সময় ফোনটি ব্যাগের ভেতর বন্ধ বা রাখা থাকতে হবে।
দেশটির শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালনা করা জাতীয় জরিপে ৮১ শতাংশ শিক্ষকই বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালার পক্ষে মত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার ও অপ্রয়োজনীয় আসক্তি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তবে এই নতুন নিয়ম উচ্চমাধ্যমিক পর্যায়ের জন্য বাধ্যতামূলক করা হয়নি। উচ্চমাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিবেশ বুঝে নিজস্ব নীতি নির্ধারণ করবে এবং দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মনোযোগ এবং মানসিক বিকাশ নিশ্চিতে সম্প্রতি বিশ্বজুড়ে বিভিন্ন দেশ বিদ্যালয়ে ফোন নিষিদ্ধের যে পদক্ষেপ নিয়েছে, মেক্সিকো তারই ধারাবাহিকতায় যুক্ত হলো।
দৈনিক দুর্বার