ঢাকা | বঙ্গাব্দ

বইমেলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে: সংস্কৃতি উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2025 ইং
অমর একুশে বইমেলায় ছবির ক্যাপশন: অমর একুশে বইমেলায়
ad728
অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফারুকী বলেন, গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। ঘটনার সব রকম ব্যাখ্যা ও বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য– এ ধরনের ঘটনা আর ঘটতে দেয়া যাবে না। আসুন, আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি। সতর্ক থাকি, কারও পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি।

উল্লেখ্য, সোমবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোক চড়াও হয় লেখক ও প্রকাশক শতাব্দী ভবর ওপর। পুলিশের সাহায্যে মেলা থেকে তাকে বের করে নেয়া হয়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেয়া হয় স্টলটি।

এই ঘটনায় তীব্র সমালোচনা তৈরি হওয়ার পর সোমবার রাতেই বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ এই ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বাংলা একাডেমি। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted