বিশ্ব যখন এখনও স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট প্রযুক্তি স্টারলিংক-এর বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি, তখনই নতুন আলোড়ন তুলেছে এক ভিন্নধর্মী উদ্ভাবন। ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ ‘তারা’ নিয়ে এসেছে এমন একটি ইন্টারনেট প্রযুক্তি, যা স্যাটেলাইট কিংবা ফাইবার ছাড়াই উচ্চগতির সংযোগ দিতে সক্ষম।
কীভাবে কাজ করে 'তারা'?
তারা’র উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে ‘লাইট ব্রিজ’, যেখানে এক প্রান্তে থাকে লেজার প্রজেক্টর, অপর প্রান্তে রিসিভার। এই লেজার সরাসরি ডেটা পাঠায় নির্দিষ্ট গন্তব্যে। ফলে ভূগর্ভস্থ ফাইবার কিংবা মহাকাশে স্যাটেলাইটের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে পরিহার করা সম্ভব হয়।
গতিতে স্টারলিংককে পেছনে ফেলবে?
‘তারা’ দাবি করেছে, তাদের প্রযুক্তি স্টারলিংক-এর চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি দ্রুত। এটি প্রতি সেকেন্ডে ২০ গিগাবিট গতিতে ডেটা আদান-প্রদান করতে পারে এবং ২০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত সংযোগ বজায় রাখতে সক্ষম। এটি প্রযুক্তিগতভাবে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
প্রাকৃতিক বাধায়ও নির্ভরযোগ্য
লেজার প্রযুক্তি সাধারণত কুয়াশা, বৃষ্টি কিংবা পাখির গতিবিধির কারণে দুর্বল হয়ে পড়ে—তবে তারা সেই বাধা পেরিয়ে এসেছে ‘অটো-অ্যালাইনমেন্ট সিস্টেম’ ব্যবহারের মাধ্যমে। এটি স্বয়ংক্রিয়ভাবে লেজারের দিক ঠিক করে সংযোগ স্থিতিশীল রাখে।