গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত না হয়, তবে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য আরও পদক্ষেপ নিতে পারে।’ খবর আল জাজিরার।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে বক্তব্য রাখতে গিয়ে ল্যামি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএমএফ) যথাযথভাবে কাজ করছে না।
তিনি বলেন, ‘এই সহায়তা কাঠামোটি আমরা সমর্থন করি না। এটি ভালোভাবে কাজ করছে না। বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে।’
গত মাসে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার জন্য পরিচিত তারা।